×
Logo

জাতীয়

মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই একা পেয়ে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই পুলিশ সদস্যের নাম সায়মন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, একা পেয়ে বেশ কয়েকজন আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে ওই পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। কেউ লাঠি দিয়ে পেটাচ্ছেন, আবার কেউ লাথি মারছেন। তবে এ সময় কয়েকজনকে হামলাকারীদের থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

মারধরের বিষয়টি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই পুলিশ সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে আজও আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। সকালে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় শ্রমিকরা সড়কে নেমে আসেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে কয়েক দফায় বাক্‌বিতণ্ডায় জড়ান তারা। এরপর শ্রমিকরা জোর করে যান চলাচল বন্ধ করে দেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর যান চলাচল শুরু হয়। দুপুরের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

/এসআইএন

Logo