×
Logo

জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা আজও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় পুলিশের। শ্রমিকরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিন সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর সাড়ে ১১ আর পল্লবী এলাকা থেকে হাজার হাজার শ্রমিক সড়কে নেমে আসে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কয়েক দফায় বাকবিতণ্ডায় জড়ায় তারা। এরপর শ্রমিকরা জোরপূর্বক যান চলাচল বন্ধ করে দেয়। ইট-পাটকেল ছোড়ে পুলিশের ওপর। পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। জবাবে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি এখন থমথমে। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে বিপাকে পড়েন অফিসগামী মানুষ।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

/এসআইএন

Logo