×
Logo

জাতীয়

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত প্রি-চোগাম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নিচ্ছেন। বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে, রোববার (১ নভেম্বর) পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও প্রটোকল সুবিধা নিয়ে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (চোগাম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে এবারের চোগাম।

সম্মেলনের উচ্চপর্যায়ের পররাষ্ট্রমন্ত্রীদের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

/এনএ 


Logo