×
Logo

জাতীয়

সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই নারী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই নারী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা নারী জেরিকা তাসনিম দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

রোববার (১ নভেম্বর) নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে।

শনিবার রাতে দিশাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। ২৭ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।

শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। সেই মামলায় দিশাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার চার দিনের রিমান্ড চলছে।

গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজের পর ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

/এসআইএন

Logo