রাজধানীর হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেফতার ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
রাজধানীর হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা ও পিকআপ ভ্যান ভাঙচুরে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে হাজারীবাগ থানার চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে ৯৯৯ এর মাধ্যমে খবর পায় পুলিশ। পরে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে বিবাদীরা অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়। এ সময় ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করা হয়।
পাশাপাশি সরকারি পিকআপ ভ্যানের কাচ ও বডি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।
গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/এমএইচআর