×
Logo

জাতীয়

তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন। পরে দীপকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হয়।

নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তি ধাওয়া করায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ।

২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।

এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটন হোক।

/এসআইএন

Logo