×
Logo

জাতীয়

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে

সরকারি বাসা বা ফ্ল্যাটের একটি কক্ষ কিংবা পুরো বাসা সাবলেট বা ভাড়া দিলেই বাতিল হতে পারে বরাদ্দ। ইতোমধ্যে যারা সরকারি বাসার কোনো অংশ বা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামীকাল শনিবারের (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের পরও সাবলেট ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদফতর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, সম্প্রতি আবাসন পরিদফতরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কয়েকজন বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ করা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

এ অবস্থায় সরকারি আবাসন পরিদফতরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ কিংবা আংশিক অংশ অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার জন্য বরাদ্দপ্রাপকদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে বাসার কোনো অংশ বা পুরো বাসা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে অবশ্যই ভাড়াটিয়া সরিয়ে যথানিয়মে বরাদ্দ করা বাসায় নিজে অবস্থান ও বসবাস করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপককে আর কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে সরকারি আবাসন পরিদফতর।

/এসআইএন

Logo