প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতর থেকে দেওয়া এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চার দিনের সফর শেষে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির। বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়।
এ অবস্থায় উড্ডয়ন বাতিল করা হয়। পরে কারিগরি পরীক্ষা ও ত্রুটি মেরামত শেষে ৪ ঘন্টারও বেশি সময় পর ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
/এএম