নিখোঁজের আগে মায়ের সঙ্গে শপিং, হাসিখুশি ছিলেন তাহসিফ: বাবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
বিমানবাহিনী থেকে অবসর নেওয়া পাইলট তাহসিফ সাউরির মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয় বলে দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। নিখোঁজ হওয়ার দিন তাহসিফ মায়ের সঙ্গে সারাদিন কেনাকাটা করেছেন এবং হাসিখুশি ছিলেন বলে জানিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাহসিফের বাবা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাহসিফের মৃত্যুর ঘটনায় সরকারি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব বলে মনে করেন তার বাবা। তিনি বলেন, একজন পাইলট দেশের সম্পদ। কী উদ্দেশ্যে, কোন চক্র এ ঘটনা ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে তা বের করা সম্ভব।
ছেলে কোনো ধরনের হুমকি পেয়েছিলেন কি না, কিংবা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন কি না— এ বিষয়ে কিছু জানা নেই বলে জানান কে এম এনায়েতুল করিম। চাকরি চলে যাওয়ার পর তাহসিফ কোনো শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন কি না, এমন প্রশ্নেও তিনি নেতিবাচক উত্তর দেন।
ছেলের নিখোঁজ হওয়ার দিনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, দ্বীপ নামে তাহসিফের এক বন্ধু বাসায় এসে তাকে ডেকে নিয়ে যান। তখন মাকে তাহসিফ বলেছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবেন। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তিনি।
তাহসিফের বাবা আরও জানান, বাসা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে একটি ভয়েস মেসেজ পেয়েছিলেন তারা। সেখানে তাহসিফ বাড়ি ফেরার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমি আসতেছি। রওনা হইছি, আসতেছি।’
দ্বীপের সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ছিল জানিয়ে কে এম এনায়েতুল করিম বলেন, ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে ওই বন্ধুর সঙ্গে তাদের কথা হয়েছে। দ্বীপ জানিয়েছেন, আগের দিন রাত ১২টা পর্যন্ত তিনি তাহসিফের সঙ্গে তাদের বাসার কম্পাউন্ডেই ছিলেন। তবে এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
ছেলের দাফন-কাফন শেষ হওয়ার পর মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তাহসিফের বাবা।
/এনএ