×
Logo

জাতীয়

আইজিপিকে ডিআরইউয়ের আল্টিমেটাম, প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

আইজিপিকে ডিআরইউয়ের আল্টিমেটাম, প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাংবাদিকদের নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যকে 'আপত্তিকর' আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ওই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠনটি। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিআরইউ-এর দফতর সম্পাদক রাশিম মোল্লা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের এই কঠোর অবস্থান জানানো হয়। 

এর আগে সোমবার পুরান ঢাকার চকবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।

আইজিপির এই বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দেন ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের ঢালাও মন্তব্য করা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণ পরিপন্থী ও চরম অনভিপ্রেত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের মৌলিক পেশাগত দায়িত্বের অংশ। কোনো নির্দিষ্ট সাংবাদিক বা পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা ঢালাওভাবে না বলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ভিত্তিহীন নেতিবাচক মন্তব্যের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা বিনষ্ট করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

ডিআরইউ নেতৃবৃন্দ আইজিপির প্রদত্ত বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি প্রকাশ্যে ক্ষমা না চাইলে সাংবাদিক সমাজের অধিকার ও পেশাগত মানরক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএ


Logo