'ক্রসফায়ার' নিয়ে বক্তব্যে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে এবার ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত ব্যাখ্যার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলী হোসেন ফকিরের বক্তব্যে 'ক্রসফায়ার' নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ সদর দফতরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ ও জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ—
বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সঙ্ঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেফতার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।
আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে 'ক্রসফায়ার' শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেননি।
এদিকে, একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির করা মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
/এমএন