×
Logo

জাতীয়

শাহ আমানতে যাত্রীর ব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

শাহ আমানতে যাত্রীর ব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা যাত্রী মো. শরীফ বিমানবন্দরে অবতরণ করেন।

ওই যাত্রী স্বর্ণালংকার বহনের কোনো ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।

পরে তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

/এসআইএন

Logo