×
Logo

জাতীয়

বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলী অপসারণে ছিল অনিয়ম, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলী অপসারণে ছিল অনিয়ম, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি বি-আর পাওয়ারজেন লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. মাহবুব কবিরকে চাকরি থেকে অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে অবিলম্বে পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মিরসরাই বিদ্যুৎ প্রকল্পের জেনারেটরের উৎস সংক্রান্ত জটিলতায় ২০২০ সালের ২৩ জুন বি-আর পাওয়ারজেনের প্রধান প্রকৌশলী মাহবুব কবিরকে অসদাচরণের অভিযোগে চাকরিচ্যুত করা হয়। রায়ে আদালত বলেন, এই অপসারণ প্রক্রিয়া ছিল প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী। কারণ বিভাগীয় তদন্তে কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া, রায়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কোম্পানির ৩ সদস্যের তদন্ত কমিটি ৫৬ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদনে মাহবুব কবিরের আগের অপসারণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। কিন্তু কোম্পানি বোর্ড সেই রিপোর্ট মন্ত্রণালয়ে না পাঠিয়ে তা ধামাচাপা দেয়। উল্টো তদন্ত কর্মকর্তাদের শোকজ ও চাপ প্রয়োগ করে লিখিত ক্ষমা প্রার্থনা নিয়ে মাত্র ৮ পৃষ্ঠার একটি পরিবর্তিত প্রতিবেদন তৈরি করায়, যা থেকে মূল অনিয়মের সব পর্যবেক্ষণ বাদ দেওয়া হয়। বোর্ডের এই পদক্ষেপকে আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে উল্লেখ করেন হাইকোর্ট। 

অপসারণের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করা হলে, কোম্পানির পক্ষ থেকে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালত তা খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত স্পষ্ট করেন, শতভাগ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হিসেবে বি-আর পাওয়ারজেন জনস্বার্থমূলক কাজ সম্পাদন করে। ফলে মৌলিক অধিকার লঙ্ঘন বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদে রিট সরাসরি গ্রহণযোগ্য।

/এএন



Logo