×
Logo

জাতীয়

প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। ২০২০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি।  

ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকার আমলে আটকাবস্থায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের পক্ষে সুপ্রিমকোর্টে আইনি লড়াই পরিচালনা করেন তিনি।

তার সুদীর্ঘ আইন পেশায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইনি সংস্থা কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মরহুম রফিক-উল হক অর্থ, ব্যাংকিং এবং ক্রেডিটবিষয়ক জাতীয় কমিশনের সদস্য, কমিশনের অধীনস্থ ব্যাংকিং আইনবিষয়ক সাব-কমিটির (যা ১৯৮৪ সালে বর্তমানে প্রচলিত বাংলাদেশ ব্যাংকিং আইন প্রণয়ন করে) চেয়ারম্যান, করপোরেট আইন কমিটির চেয়ারম্যান (১৯৯০), কোম্পানি আইন রিফর্ম কমিটির সদস্য (১৯৭৭), এবং পুঁজিবাজার উন্নয়নবিষয়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম রফিক-উল হক একজন মানবহিতৈষী এবং সমাজসেবক হিসাবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে আহছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আদ-দ্বীন ওমেন্স মেডিকেল কলেজ, ঢাকা শিশু হাসপাতাল, বারডেম হাসপাতাল, ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল, আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল। তিনি এসব প্রতিষ্ঠান স্থাপনে নিজস্ব তহবিল থেকে প্রচুর অনুদান প্রদান করে গেছেন।

/এসআর 

Logo