হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা। ফাইল ছবি
জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে করা মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিআইডির একটি সূত্র জানায়, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।
এর আগেও স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল।
/এএম