প্রধানমন্ত্রী
একটি মহল অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে, পরিণতি ভালো হবে না
রংপুর ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
একটি মহল চব্বিশের জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে একটি দল বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু তার ফলাফল ভালো হয়নি। এখন একটি মহল চব্বিশের জুলাই আন্দোলকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেটাও জনগণ ভালোভাবে নিচ্ছে না।' বিভ্রান্তি না ছড়িয়ে তাদেরকে সংসদে এসে বির্তক করারও আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
এ সময় তারেক রহমান বলেন, অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হয়, কিছুদিন যাবত আমরা দেখেছি, আমরা যেই ঐক্যটি তৈরি করতে চাচ্ছি, বর্তমান সরকার সকলকে নিয়ে যেখানে চলতে চাইছে, আমরা দেখছি একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আজকে পরিষ্কারভাবে আমি সকলের উদ্দেশে একটি কথা বলতে চাই, বিশেষ করে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন.... আমরা দেখেছি অতীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল, কোনো একটি দল বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু সেই ফলাফলটা খুব শুভ হয়নি। বাংলাদেশের মানুষ সেই লক্ষ্য বা উদ্দেশ্যটিকে ভালোভাবে গ্রহণ করেনি। ঠিক একইভাবে আমরা দেখেছি চব্বিশের যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকেও কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে। সেটাও জনগণ ভালোভাবে নিচ্ছে না। এর পরিণতিও ভালো হবে না।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যদি কিছু বলার থাকে, জনগণ সিদ্ধান্ত নিয়ে সংসদ গঠন করেছে, সেই সংসদে জনগণ তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছে। আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু তুলে ধরার থাকে, আসুন আমরা সংসদে সেই কাজটি করি। সেই বিতর্ক করি, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে যেটি ভালো হবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি।
বিরোধী দলকে পাশে পাওয়ার আশা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদেরকে সকল বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং সবচেয়ে বড় কথা, অতীতে আমরা যে রাজনীতি দেখেছি, তার পরিবর্তন আমরা করতে চাই। পরিবর্তনের চেষ্টা করছে সরকার, কিন্তু এই পরিবর্তনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। এই জনগণকে আমরা অতীতের মতো বর্তমানেও পাশে পেতে চাই।
যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি সকলের জন্য এই সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছে। হতে পারে কোনো অঞ্চলে আমাদের সদস্য নির্বাচিত হয়েছে, কোনো অঞ্চলে আমাদের সদস্য নির্বাচিত হয়নি। কিন্তু বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে তারও সরকার হতে চায়, যে ভোট দেয়নি তার জন্যও এই সরকার। আমরা সকল এলাকা বা সকল মানুষের জন্য কাজ করতে চাই।
সকল এলাকার জন্য উন্নয়ন কর্মকাণ্ড সমানভাবে হবে প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সাথে বলেন, সকল এলাকার উন্নয়ন আমরা সমানভাবে, রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা আছে তার ওপরে বিবেচনা করে, আমরা সকল এলাকার সমবণ্টন করে সকল এলাকাকে সমানভাবে উন্নয়ন করতে চাই। সেই কারণে রংপুর মহানগরের উন্নয়নের জন্য এরই ভেতরে গত দুই সপ্তাহ আগে একনেক মিটিংয়ে ১৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
/এমএন