×
Logo

জাতীয়

সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। বলেন, দেশের পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এদিন মন্দির প্রাঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। তার কাছে সনাতনী সম্প্রদায়ের নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন।

দেশে সবার অধিকার কর্তব্য সমান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে সবাই অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও একই বিষয় ঘটেছে। তাই দেশে সবার অধিকার কর্তব্য সমান।’

তিনি বলেন, সকলের পরিচয় বাংলাদেশি। তাই ধর্মে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে মিলে দেশ গড়তে হবে।

এ সময় রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না। তা বিএনপি বাস্তবায়ন করছে আর করবে। ধর্মীয় উপাসনালয়গুলো থাকবে স্বাধীন, রাষ্ট্র সবার, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে।’ জানান, ইতিহাসে সবচেয়ে বেশি মণ্ডপ হয়েছে এবার। নিরাপত্তা এবং আনন্দও সবচেয়ে বেশি।

/এমএইচআর

Logo