ধর্মীয় পরিচয় নয়, দেশ গড়ার সংগ্রামে নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ এএম
ধর্মীয় পরিচয় নয়, দেশ গড়ার সংগ্রামে নাগরিক পরিচয়ই হবে মুখ্য—এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গড়তে সব ধর্ম ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী হাজার বছরও যেন সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
রাতে প্রধানমন্ত্রী মহাখালী রক্ষা কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তিনি বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
/এএম