×
Logo

জাতীয়

হাসপাতাল-স্কুলসহ বিভিন্ন স্থাপনায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, তড়িৎ নির্দেশনাসহ যা যা করলেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

হাসপাতাল-স্কুলসহ বিভিন্ন স্থাপনায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, তড়িৎ নির্দেশনাসহ যা যা করলেন

হঠাৎ করেই আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার গন্তব্য সম্পর্কে আগে থেকে কিছুই জানা ছিল না। উদ্দেশ্য, সরেজমিনে বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তব চিত্র নিজের চোখে পর্যবেক্ষণ করা। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনে গিয়ে শিশু হাসপাতালের এক চিকিৎসককে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি, স্কুল-কলেজ পরিদর্শনে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে, মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনকালে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

বাংলা কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন দেখতে পান তিনি। আজ দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কারে ২ সপ্তাহের সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দিয়েছেন তিনি। আজ আকস্মিক পরিদর্শনে গিয়ে কোয়ার্টারের পরিবেশ ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে পরিদর্শনকালে পথচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হচ্ছে, তা পথচারীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। অপরিচ্ছন্ন পরিবেশ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সচেতন করতে হবে।

May be an image of one or more people and hospital
হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী

হাসপাতালের পরিচ্ছন্নতা উন্নয়নে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা ব্যবস্থা দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং আইসিইউ, অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি।

/এসআইএন

Logo