রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ শনিবার (১৭ অক্টোবর)। ২০২৫ সালের আজকের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই সনদ স্বাক্ষরিত হয়।
তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এখনো কাটেনি।
জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসা বিএনপি সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে বিরোধী দল এই কমিটির উদ্যোগ প্রত্যাখ্যান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
বিশেষ কমিটি আশা করছে, শেষ পর্যন্ত বিরোধী দল সংবিধান সংশোধন বিল নিয়ে সংসদীয় আলোচনায় অংশ নেবে। কমিটির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত যেভাবে উল্লেখ করা হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রেও তা বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা প্রস্তাবগুলোও গুরুত্ব পাবে।
আগামী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।
/এসআর