×
Logo

জাতীয়

বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকটি পূজামণ্ডপে একেবারে বিনিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকটি পূজামণ্ডপে একেবারে বিনিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে: রিজভী

বিএনপির সব নেতাকর্মীকে দেশের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বিএনপির সকল নেতাকর্মী প্রত্যেকটি পূজামণ্ডপে একেবারে বিনিদ্র, ঘুমহীন নিরাপত্তার ব্যবস্থা করবে। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যাতে নিরাপদে, নিরাপত্তার সাথে তারা তাদের উৎসব উদযাপন করতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এবারের দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২ লাখ ১২ হাজার ৮০০-এর বেশি আনসার-ভিডিপি সদস্য নিয়োগ করেছে। আগের উৎসবগুলোর তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজর রাখছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ এ মহামিলনের উৎসব সফল করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের ছুটির দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পর থেকে চাওয়া ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি বাড়িয়েছেন। এ ছাড়া প্রতিটি মন্দিরের জন্য চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

রিজভী জানান, এখন থেকে প্রতিটি মন্দির সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৮ হাজার টাকা করে বরাদ্দ পাবে। পাশাপাশি হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, এ ভূখণ্ডের মানুষ হিসেবে সবাই রাষ্ট্রের কাছে সমান অধিকার ভোগ করবেন।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার এই অন্তর্ভুক্তিমূলক মনোভাবই তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ।

/এসআইএন

Logo