সংখ্যার দিক থেকে এবার সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসব: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
শারদীয় দুর্গাপূজায় এবার সংখ্যার দিক থেকে সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এবার সবচেয়ে বেশি স্বাধীনতা, নাগরিক অধিকার, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা ভোগ, সর্বোচ্চ বরাদ্দ, সর্বোচ্চ সংখ্যক ছুটির দিন পাবেন, সর্বোচ্চ আনন্দ ভোগ করবেন—সেখানে আপনাদের সর্বোচ্চ সমর্থনও থাকবে বলে আমরা আশা করতেই পারি বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
কোনো ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের ধর্মাবলম্বী হিসেবে সব সময় গণ্য করি, করবো। কেউ কেউ হয়তো সম্প্রদায় হিসেবে গণ্য করে। অতীতে আপনাদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা অনেকেই লুটেছে, আমরা সেই প্রসঙ্গে যাবো না। কিন্তু দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেরাই বিচার করবেন—আপনারা কোন সময়ে সব গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।
তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কোন সময়ে নাগরিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, তা জনগণ নিজেরাই বিচার করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সব সময় অসাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। শব্দটা আমার পছন্দ নয়, অনেক জায়গায় বলেছি। এটা হবে ধর্মীয় সম্প্রীতি। কেউ এখানে সাম্প্রদায়িক হতে আসিনি। দেশের আইনকানুন কেউ কাউকে সাম্প্রদায়িক বলে না। সবাই বাংলাদেশের নাগরিক ও সমান অধিকারী।
তিনি আরও বলেন, দেশে সব সময় দুর্গোৎসবের সময় অনেকে বক্তব্য দিতে শুনি—নিরাপত্তা দিতে হবে, নিরাপদভাবে পূজা উদযাপন করতে হবে, সবাইকে নিরাপত্তার চাদরে ঢাকতে হবে। এটা আমাদের খারাপ লাগে। আমাদের সমস্ত ভাইবোন, যারা যে ধর্মাবলম্বীই হোন, আমাদের সংবিধান তাদের অধিকার দিয়েছে সব আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন ধর্মচর্চা ও উপাসনালয়ে উপাসনা করার। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সেটাও লেখা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুতরাং, তারপরও এই শঙ্কা কেন আসে, সেটা জাতীয় জীবনে আমাদের জন্য খুব দুঃখজনক। এই শঙ্কা আসা কোনো সময়ই উচিত নয়।
/এসআইএন