×
Logo

জাতীয়

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকা সহ সারাদেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে এসব বাস চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

এছাড়াও বিশেষ বাস সার্ভিসের জন্য মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

বিশেষ এই বাস সার্ভিসের বিষয়ে বিস্তারিত জানতে বা যেকোনো প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০২৪১০৫৩০৪২, ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।

/এসআইএন


Logo