স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু নিয়ন্ত্রণে চলছে সর্বাত্মক চেষ্টা, হাম প্রতিরোধে টিকা কার্যক্রম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা করছে, হাম প্রতিরোধে চলছে টিকা কার্যক্রম। এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে চিকিৎসকদের অটোমেশন সিস্টেমে বলদি ও পদায়ন কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের ওষুধের অভাব নেই, ডাক্তারের অভাব নেই। আমাদের কোনো ঘাটতি নেই। এছাড়া, হাম প্রতিরোধেও টিকা কার্যক্রম চলমান আছে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এই অটোমেশন পদ্ধতির চালু। আমাদের ৪০ হাজারের ওপর ডাক্তার রয়েছে। এর মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। আজকে প্রথম ধাপে এ পদ্ধতিতে উপজেলা পর্যায়ের ৯৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর টিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় বলে আমরা আমদানির ঝুঁকি নিতে চাই না। তিনি যোগ করেন, হাম প্রতিরোধেও টিকা কার্যক্রম চলছে। দ্বিতীয় ধাপে টিকা ক্যাম্পেইন চলছে।
যারা টিকা নিয়েছে, তাদের হাম হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী জানান, ৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।
/এএম