×
Logo

জাতীয়

৫ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য: শুরু হলো ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপের ৩য় ব্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

৫ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য: শুরু হলো ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপের ৩য় ব্যাচ

সুইডেন সরকারের সহযোগিতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সংশ্লিষ্ট যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রামের ৩য় ব্যাচ।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সফলভাবে ৬ মাসের কোর্স সম্পন্ন করায় ২য় ব্যাচের কৃতী ইন্টার্নদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে নতুন ৩য় ব্যাচে সুযোগ পাওয়া তরুণ আইনজীবীদের স্বাগত ও বরণ করে নেওয়া হয়।

২০২৫ সালে যাত্রা শুরু করা ৬ মাসব্যাপী এই ফ্ল্যাগশিপ কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতি বছর ১০০ জন করে মোট ৫ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে উচ্চপর্যায়ের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা।

এই কর্মসূচির আওতায় তরুণ আইনি পেশাজীবীরা সাংবিধানিক ও জনস্বার্থ মামলা পরিচালনা, আইনগত গবেষণা, ড্রাফটিং এবং বিচারালয়ের জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের থেকে সরাসরি মেন্টরশিপের সুযোগ পেয়ে থাকেন।

অনুষ্ঠানে বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ঢাকার সুইডেন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আইনি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন, মানবাধিকার সুরক্ষা এবং তরুণ আইনি বিশেষজ্ঞদের পেশাগত মান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।

/এএ

Logo