×
Logo

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দিন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দিন: প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একা নয়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। নাগরিকেরা সম্মিলিতভাবে উদ্যোগ নিলে ডেঙ্গুতে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৯৭১ সালে সবাই একসঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানও সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে সফল হয়েছে। সবাই মিলে এসব অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও প্রত্যেকে সামান্য করে অবদান রাখতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংবাদমাধ্যমে প্রায়ই বিভিন্ন বয়সী মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর দেখা যায়। আপনজন হারানোর বেদনা যাঁরা অনুভব করেন, তারাই এর কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। সবাই মিলে চেষ্টা করলে অনেক মানুষকে এই শোক থেকে রক্ষা করা সম্ভব।

দেশের শিক্ষার্থীদের সম্মিলিত শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এর বাইরে বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মতো বিভিন্ন সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৪০ লাখ।

তিনি জানান, গত প্রায় এক মাস ধরে এসব সংগঠন ও শিক্ষার্থীরা প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব আবর্জনা ও ময়লা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ঘরের আনাচকানাচে, রাস্তাঘাটে কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এ মশার বংশবিস্তার ঘটে। কোথাও ময়লা জমে থাকার কারণে পানি জমে থাকলেও সেখানে মশা জন্ম নিতে পারে। তাই এসব স্থান পরিষ্কার রাখা জরুরি।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টিকা আবিষ্কৃত হলেও বিভিন্ন পরীক্ষায় এর কার্যকারিতা নিয়ে সীমাবদ্ধতা দেখা গেছে। তার মতে, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি হলো মশার প্রজননস্থল, বিশেষ করে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা।

এ জন্য প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানান তিনি। ঘর, ঘরের আশপাশ এবং চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে, সেসব জায়গা পরিষ্কার করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘একটি সরকার তখনই সফল হয়, যখন সবাইকে একসঙ্গে নিয়ে সরকার দেশের জন্য কাজ করে।’

তিনি আরও বলেন, সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করতে চায়। কারণ, দেশের সমস্যার সমাধান মানে প্রত্যেক নাগরিকের সমস্যা সমাধান।

সবাইকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব। বার্তার শেষে দেশবাসীর সুস্থতা ও ভালো থাকার কামনা করেন তিনি।

/এনএ 

Logo