সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার জেরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে পরিষেবা। এর জেরে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট এ পর্যন্ত বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
এতে বলা হয়— সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধের কারণে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৩৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অপরদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ফ্লাইটগুলো কত সময়ের জন্য বাতিল এবং কখন সেগুলো রওনা হবে, সে সম্পর্কে এখনও জানানো হয়নি।
গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে ১২ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। এছাড়া হামলায় বাংলাদেশিসহ আহত হন আরও অন্তত ৩ শতাধিক।
ওই হামলার পরই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়। সেই বিধিনিষেধ এখনও চলমান।
/এমএইচআর