×
Logo

জাতীয়

ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল বিঘ্নিত, আটকা ১৩,৪৯০ যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল বিঘ্নিত, আটকা ১৩,৪৯০ যাত্রী

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার জেরে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে এসব ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়। তাদের এ তথ্য আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে।

এই পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় ফ্লাইট পরিচালনায় বড় ধরনের এই বিপর্যয় দেখা দিয়েছে। 

ব্যাহত হওয়া ৮৬ ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি, ৫০টি ট্রান্সজিট ফ্লাইট। এর মধ্যে সরাসরি যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়। 

এছাড়া, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাত্রী পরিবহন করা ৫০টি ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

/এমএন

Logo