পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
পাচার করা অর্থ পেয়ে পাগল হয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বোমাবাজি, সন্ত্রাসের মাধ্যমে সরকারকে ব্যর্থ করতে পাঁয়তারা চালাচ্ছে তারা। এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী ঘনিষ্ঠরা যাবতীয় অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পরই বর্তমান সরকার ব্যাংক লুটপাট, অর্থ পাচারসহ অনেক কিছুর সম্মুখীন হয়েছে। এসব সংকট সামাল দিয়ে দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানান তিনি।
আসন্ন দুর্গাপূজা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুর্গাপূজা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এ কারণে মণ্ডপে মণ্ডপে সতর্ক পাহারা রাখার পরামর্শ দেন তিনি।
পূজায় কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে কারণে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা।
/এএম