তথ্য উপদেষ্টা
ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেওয়া হবে, আ. লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ নিয়ে তিনি বলেন, বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, একটা দল মারাত্মক অপরাধ করেছে, এটা নিয়ে কোনো অনুতাপ নেই। ড. মুহাম্মদ ইউনূস, ববি হাজ্জাজের সাথে তারা কী করেছে? তাদের বিষয়ে কি রিকনসিলিয়েশনের সুযোগ আছে? ক্ষমা চাওয়ার বিপরীতে তারা সহিংসতা উসকে দিচ্ছে। ব্যক্তিগতভাবে তাদের সাথে রিকনসিলিয়েশনের সম্ভাবনা দেখি না।
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধরে আনতে চান বলে জানান তিনি। এজন্য তাকে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে বলা হয়েছে। আর শেখ হাসিনা যদি আসেন, তাহলে তো সমস্যা নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তার মতে, শেখ হাসিনা যে অপরাধ করেছে, তার বিচার হওয়া উচিত, ন্যায় বিচারের স্বার্থে।
এদিকে, ভারতে বিমসটেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের না যাওয়ায় সমস্যা দেখছেন না ডা. জাহেদ উর রহমান। এ নিয়ে তার বক্তব্য হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কোনো কাজ থাকতে পারে, তাই হয়তো যায়নি। তবে স্বরাষ্ট্র সচিব তো গেছেন। এটা নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই।
/এমএন