×
Logo

জাতীয়

গাজীপুরে কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

গাজীপুরে কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এএমসি নীট কম্পোজিট লিমিটেড কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এতে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার শ্রমিকেরা মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানা সূত্রে জানা যায়, পর্যাপ্ত উৎপাদনকাজ না থাকা এবং বয়লারের সমস্যার কারণে গত ১০ অক্টোবর থেকে কারখানাটির গার্মেন্টস ও কাটিং বিভাগে (ইউনিট-২) কর্মরত প্রায় ৫৮৫ জন শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সোমবার সকালে কারখানার প্রধান ফটকের পাশে জড়ো হতে গেলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা তাদের বাধা দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা কারখানা চালুর দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের ময়মনসিংহগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকেরা জানান, হঠাৎ করেই কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। পরে গত শনিবার (১০ অক্টোবর) কারখানার সামনে লে-অফ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের আগে তাদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে কর্তৃপক্ষ কোনো আলোচনা করেনি বলে অভিযোগ তাদের।

কারখানাটি আবার চালু হবে কিনা, সে বিষয়েও কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাননি শ্রমিকেরা। এতে তাদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন কোনো কারখানায় চাকরি খুজবেন, নাকি বর্তমান কারখানা চালুর অপেক্ষায় থাকবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা

শ্রমিকেরা বলেন, পরিবারের ভরণপোষণ, ঘরভাড়া ও খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তাদের নিয়মিত আয়ের প্রয়োজন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন তারা। এ পরিস্থিতিতে দ্রুত কারখানা খুলে দিয়ে কাজে ফেরার সুযোগ সৃষ্টির দাবি জানান শ্রমিকেরা।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাদের দাবি সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, সোমবার সকালে মেম্বার বাড়ি এলাকায় অল্প সময়ের জন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

/এনজেএস/এসআইএন

Logo