এলপিজি সমবায় সমিতি
দাবি না মানলে ২ দিন গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি না মানা হলে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৬-১৭ অক্টোবর) টানা ২ দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
এতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি, লোড-আনলোড, সিলিন্ডার লোকসান সহ বিভিন্ন খরচ বাড়ায় ব্যবসা ব্যবসায়ীদের কমিশন ৭% করার দাবি জানান তারা।
এছাড়া দীর্ঘদিন গ্যাস সরবরাহে ব্যর্থ কোম্পানির সিলিন্ডার সরকারি বা কোম্পানির ব্যবস্থাপনায় রিফিল, কোম্পানির চালানে মূল দাম উল্লেখ এবং গ্যাস পৌঁছে না দিলে কোম্পানিকে গাড়ি ভাড়া দেয়ার দাবিও জানায় সংগঠনটি।
পাশাপাশি কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও রেলিং ইস্যুতে মামলা বন্ধ এবং ভোক্তা অধিকারের অযৌক্তিক জরিমানা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
সবশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি ছাড়াও সব ওজনের সিলিন্ডারের দাম বাড়ানো হয়।
/এমএইচআর