শাহজালালে এক যাত্রীর থেকে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার-হীরা জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে হীরা, স্বর্ণ ও প্লাটিনামের অলংকারসহ বিভিন্ন ধরনের মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই যাত্রীর নাম জনি রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাতে বাংলাদেশ বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এর ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্বে থাকা সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন।
একপর্যায়ে ওই যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় আচারের বয়ামের ভেতরে ধাতবজাতীয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের মূল্যবান অলংকার ও পাথর জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের অলংকার, দুইটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল। এছাড়াও ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর মিলিয়ে ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
/এসআইএন