দিল্লিতে বিক্ষোভের আগেই ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকে আটক, আসিফ মাহমুদের তীব্র নিন্দা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। এর প্রেক্ষাপটে বিশাল বিক্ষোভ কর্মসূচি আয়োজনের আগেই গ্রেফতার হয়েছেন দেশটির বেশকিছু বিরোধীদলীয় রাজনৈতিক নেতা ও কয়েকজন তরুণ আন্দোলনকারী। এদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই আটকের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি ভারতের বন্দি তরুণ বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
এতে আসিফ মাহমুদ বলেন, 'এটি গভীরভাবে হতাশাজনক যে ভারত সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য লড়াইরত তরুণদের কণ্ঠস্বরকে দমন ও অবজ্ঞা করার সিদ্ধান্ত নিয়েছে। যুব আইকন ধ্রুব রাঠী এবং তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বিক্ষোভের আগে তরুণ বিক্ষোভকারীদের গ্রেফতারের আমি তীব্র নিন্দা জানাই।'
প্রতিবেদনের বরাত দিয়ে আসিফ আরও উল্লেখ করেন, ভারত সরকার এই বিক্ষোভ বাধাগ্রস্ত করতে শত শত ট্রেনের সময়সূচী বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং প্রতিবাদের স্থানগুলোতে ব্যারিকেড দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে।
এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর গুরুতর আঘাত বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা।
এসময় বিশ্বের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি বিশ্বের তরুণদেরও আহ্বান জানাচ্ছি এই সংকটময় মুহূর্তে ভারতের যুবকদের সাথে একাত্মতা পোষণ করতে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার ন্যায়সঙ্গত কারণের জন্য লড়াই করার সময় তারা সরকারি দমন-পীড়নের সম্মুখীন হচ্ছে।'
মূলত, ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে জালিয়াতি ও বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ এনে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে এক বিশাল বিক্ষোভের ডাক দিয়েছিল তরুণদের রাজনৈতিক দল 'সিজেপি'।
তবে বিক্ষোভ শুরুর আগেই আজ সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পর রানওয়েতেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও তার সহযোগীদের নাটকীয়ভাবে আটক করে দিল্লি পুলিশ। একই সাথে গুরুগ্রাম থেকে হেফাজতে নেওয়া হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠীকে।
এই আন্দোলন দমাতে বর্তমানে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যন্তর মন্তর এলাকায় আংশিক ইন্টারনেট ব্লক এবং ব্যাপক গণগ্রেফতার চালানো হচ্ছে।
/এমএইচআর