যুব উন্নয়ন অধিদফতরের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর বিকেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের স্থগিত হওয়া প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, আজ বেলা ১১টায় অনুষ্ঠেয় পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের বিষয়টি নজরে আসায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় প্রাথমিকভাবে ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এ বিষয়ে এসএমএসের মাধ্যমে পুনরায় জানানো হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে মতিঝিল যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
/এসআইএন