রংপুরে চার খুন
জব্দকৃত খেজুর, শসা ও সিগারেটে মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ’র মিল পেল সিআইডি
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় সিআইডির জব্দ করা আলামতে ওই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডিএনএ’র মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন সিআইডির রংপুর অফিসের বিশেষ পুলিশ সুপার সুমিত চৌধুরী।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে সিআইডি যে ৩৫ টি আলামত জব্দ করেছিল তার মধ্যে কামড়ানো খেজুর, খেজুরের বিচি, কামড়ানোর শসা এবং সিগারেটের মুড়িতে পাওয়া ডিএনএ-এর সাথে গ্রেফতারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ’র নমুনার মিল পাওয়া গেছে এবং সেখানে শুধু দুইজন পুরুষেরই অস্তিত্ব পাওয়া গেছে। এর মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো যে, ওই ঘটনায় সিদ্ধান্ত এবং মুগ্ধ দাস জড়িত।
এদিকে, এ ঘটনায় যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর গত ২০ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে স্যাম্পল নেওয়ার জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার ১২ দিন পর তিনদফায় সেগুলো পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠায় পুলিশ। সিআইডি ল্যাবে পরীক্ষায় সেসব আলামতের বেশ কিছুতে পুরুষ মানুষের অস্তিত্ব পাওয়ায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ স্যাম্পল সংগ্রহ ও পরীক্ষা করে সিআইডি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোর রাতে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। এ ঘটনায় সিদ্ধার্থ এবং মুগ্ধ কে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ বলেন, সিআইডির ল্যাবে পরীক্ষার মাধ্যমে চাঞ্চল্যকর এই ঘটনার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে ওই ঘটনার সাথে সিদ্ধার্থ এবং মুগ্ধ জড়িত। প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে এই মামলাটির চার্জশিট দেওয়া হবে।
/এসআর