×
Logo

জাতীয়

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও পলায়ন

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরি থেকে বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরি থেকে বরখাস্ত

অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীতে কর্মরত থাকাকালে গত বছরের ১৪ ও ১৫ নভেম্বর তাঁকে কর্মস্থল ত্যাগের অনুমতিসহ ছুটি এবং ১৬, ১৭ ও ১৮ নভেম্বর নৈমিত্তিক ছুটি দেওয়া হয়। কিন্তু তিনি ১৩ নভেম্বর প্রস্থান প্রতিবেদন দাখিল না করেই কর্মস্থল ছাড়েন।

অভিযোগে বলা হয়, ওই দিন তিনি নিজেকে ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন। এরপর শাহ মখদুম বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টার একটু আগে ইউএস-বাংলার বিএস-১৬২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন। এর আগেও কয়েকবার একইভাবে পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করায় তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে আসেন। এতে জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

পুলিশ অধিদফতরের চিঠির পর গত ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং অভিযোগনামাসহ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ে তিনি জবাব দেননি, সময় বাড়ানোর আবেদনও করেননি। ২ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

৭ মে দাখিল করা তদন্ত প্রতিবেদনে অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি গত ২৩ জানুয়ারি থেকে পলাতক। ১৬ জুন দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাবও তিনি দেননি।

এরপর বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। ২৩ জুলাই সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে ১৪ সেপ্টেম্বর কমিশন তাকে বরখাস্ত করা যায় বলে মত দেয়। পরে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি এই গুরুদণ্ড অনুমোদন করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, টুটুল চক্রবর্তী বর্তমানে সাময়িক বরখাস্ত ছিলেন এবং রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে সংযুক্ত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ‘চাকুরী হইতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

/এমএমএইচ

Logo