বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এএন