×
Logo

জাতীয়

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী

২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের জেনারেশন পুরোপুরি মানবিক হতে না পারলেও আগামী প্রজন্মকে মানবিক হতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে। শুধু মানুষের প্রতি দয়া নয়, প্রকৃতির প্রতি দয়া দেখাতে হবে। অভিভাবকদের অনুরোধ—শিশুদের এমনভাবে গড়ে তুলুন, যাতে শিশুরা মানবিক হয়ে ওঠে, পশু-পাখির প্রতি দয়া দেখায়। শিশুদের মধ্যে বোধশক্তি তৈরি করি।

তিনি আরও বলেন, শিশুদের খেলাধুলা করতে হবে, অনেকের অনেক ধরনের প্রতিভা আছে। তা তোমরা বিকশিত করো। কেউ গান গাইতে চাইলে, গান গাও, বাঁশি বাজাতে পারলে, বাঁশি বাজাও। আমি গিটার বাজানো শুরু করলেও, শেষ করতে পারিনি। আমি চাই তোমরা তোমাদের ইচ্ছা পূরণ করো। যার যেটা ভালো লাগে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে। এখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায় শিশুদের উৎসাহিত করা হবে।

শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি, স্কুল কিংবা আশপাশের এলাকায় থাকা গাছের যত্ন নিতে হবে। পশুপাখির প্রতিও সদয় হতে হবে। প্রকৃতি ও প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এসআইএন

Logo