পাটওয়ারী ইস্যুতে নাহিদ ইসলাম
কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজ ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম বারের মতো হামলা।
তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ।
এদিকে, গতকাল রোববার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া লালন মাজার প্রাঙ্গণে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
/এসআর