×
Logo

জাতীয়

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় এনসিপির নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ এএম

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালানো বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৪ অক্টোবর) রাতে এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, রোববার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, লোহার পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে মহড়া ও অবস্থান নেন। এ সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর অতর্কিত ও হিংস্র হামলা চালায়। 

এই হামলায় দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম গুরুতর আহত হন। এদের মধ্যে সাংবাদিক জাহিদুল ইসলাম মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাদের প্রকাশ্যে ‘পুঁতে ফেলার’ চরম হুমকি দেয়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, এই ন্যক্কারজনক হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী প্রত্যক্ষভাবে অংশ নেন। আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি, গণতান্ত্রিক মতপ্রকাশ ও জ্ঞানচর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এমন সশস্ত্র মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ শিক্ষার্থীদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোনোভাবে এর দায় এড়াতে পারে না।

বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ স্পষ্ট দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলাকারী চিহ্নিত ছাত্রদল সন্ত্রাসীদের দলীয় ও রাষ্ট্রীয় কঠোর আইনে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের নির্বিঘ্ন কাজের পরিবেশ ও পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। 

/এএ 

Logo