বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা
আজান আলীর জামিন নামঞ্জুর, আদালতের কঠোর পর্যবেক্ষণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম
রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দ্রুতগতির বেপরোয়া প্রাইভেট কারচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় গ্রেফতার আজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন জামিনের তীব্র বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান দাবি করেন, ঘটনার সময় আজান আলী গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন না।
উভয় পক্ষের বক্তব্য শুনে সিসিটিভি ফুটেজের পর্যালোচনা তুলে ধরে বিচারক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সে ওই দিক থেকেই বের হচ্ছে। এমন গুরুতর ঘটনায় এখন জামিন দিলে সমাজে এই বার্তা যাবে যে, এমন অপরাধ করে বা বেপরোয়া গাড়ি চালিয়েও সহজে পার পাওয়া যায়। সমাজের কাছে এটা একটা অত্যন্ত খারাপ বার্তা দেবে এবং অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। এতে করে বিত্তবানেরা আইন ও বিচার ব্যবস্থাকে অত্যন্ত সহজ ভাবার সুযোগ পাবে। শুনানি শেষে আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় নির্মমভাবে নিহত হন নির্মাণশ্রমিক মেহেদী হাসান। এ ঘটনায় নিহত মেহেদীর ভাই মোক্তাদির ইসলাম বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গাড়ির চালক আকাশ মারককে প্রধান আসামি করা হয়। তবে ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি আকাশ মারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
/এএ