শুরু হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে জাতীয় কুইজ প্রতিযোগিতা, অংশগ্রহণ উন্মুক্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সামনে বর্তমানে যে কয়েকটি মারাত্মক বৈশ্বিক চ্যালেঞ্জ মাথাচাড়া দিয়ে উঠেছে, তার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) অন্যতম। চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ও অপরিকল্পিত ব্যবহারের ফলে রোগজীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এতে ভবিষ্যতে মানবসভ্যতাকে এক ভয়ংকর স্বাস্থ্য সংকটের মুখোমুখি হবে। এই নীরব মহামারি সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে এবং তাদের মাঝে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে অক্টোবরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।
সেই আয়োজনের অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬। দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির হোসেন হাবীব জানান, এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে আয়োজিত হচ্ছে দেশব্যাপী একটি কুইজ প্রতিযোগিতা। সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
সবার মধ্যে জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য আমরা এই আয়োজন করছি। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা যেন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ে সচেতন হোন তাদের জন্য এই কুইজ প্রতিযোগিতায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অধীনে পরিচালিত সেক্টরাল কো-অর্ডিনেশন সেন্টার (হিউম্যান হেলথ) এবং ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি (এনআরএল) ফর এএমআর সার্ভিল্যান্স যৌথভাবে এই কুইজ আয়োজন করেছে। প্রতিযোগিতায় কারিগরি সহায়তা প্রদান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কুইজের ধরণ
এই দেশব্যাপী কুইজ প্রতিযোগিতাটি মূলত দুটি ধাপে অনুষ্ঠিত হবে। একটি অনলাইনভিত্তিক প্রাথমিক রাউন্ড এবং অপরটি সশরীরে অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত চূড়ান্ত পর্ব। প্রাথমিক রাউন্ডে উত্তীর্ণ সেরা প্রতিযোগীদের নিয়ে ইন-পারসন ফাইনাল রাউন্ডে আমন্ত্রণ জানানো হবে। ২০ অক্টোবর বিকেল ৩ টায় প্রতিযোগিতার প্রাথমিক অনলাইন রাউন্ড অনুষ্ঠিত হবে। অনলাইন কুইজ পর্বে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বাংলাদেশের যেকোনো নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে অনলাইনে নিজেদের নিবন্ধন নিশ্চিত করতে পারবেন। অনলাইনে নিবন্ধনের ঠিকানা: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe7AEVRnsWlHk872h2cZhUl9-JH0n9jraBY7nJ7V00EZs5wFw/viewform
যে সব বিষয় থাকবে
অনলাইন প্রাথমিক রাউন্ডের কুইজটি নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এবং এতে মোট ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পুরো কুইজ সম্পন্ন করার জন্য প্রতিযোগীরা ২০ মিনিট সময় পাবেন। এই প্রশ্নগুলো এএমআর সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিভিন্ন বিষয় যেমন অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ, ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ওয়ান হেলথ, সার্ভিল্যান্স, নিরাপদ পানি ও স্যানিটেশন, বিভিন্ন ক্লিনিক্যাল বিষয়, বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ সংক্রান্ত বিষয়, এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান নির্ধারণ করা হয়েছে ২.৫ নম্বর এবং প্রতিটি প্রশ্নে পাঁচটি করে স্টেম বা শাখা থাকবে। নিয়ম অনুযায়ী প্রতিটি সঠিক উত্তরের জন্য ০.৫ নম্বর যোগ হবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে (নেগেটিভ মার্কিং)। প্রাথমিক রাউন্ডে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী শীর্ষস্থানীয় প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এএমআর নিয়ে বিভিন্ন বিষয় জানা যাবে আইইডিসিআর থেকে প্রকাশিত বই থেকে। বই পড়ার ঠিকানা: https://dashboard.iedcr.gov.bd/amr/open-pdf.php?book_id=100
কুইজের পুরস্কার
এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা। চূড়ান্ত পর্বে বিজয়ী সেরা তিনজন প্রতিভাবান প্রতিযোগী—চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ হিসেবে বিশেষ পুরস্কার ও সম্মাননা লাভ করবেন। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল যোগ্য ফাইনালিস্টদের জন্য থাকবে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট কৃতিত্বের সনদ।
/এসআর