×
Logo

জাতীয়

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মোট ১৬ দিন দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সংগঠনটির দাবি— ঈদ ও পূজায় পণ্য কেনাবেচার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তাই দোকান খোলা রাখার সময়সীমা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত করা হোক।

রোববার (৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের জন্য দীর্ঘদিন ধরেই দোকানসমূহে বেচাকেনা নেই বললেই চলে। সংগত কারণে ব্যবসায়ীদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন। 

আরও বলা হয়, ঈদ ও পূজায় বেচাকেনা একটু ভাল হয়। তাই দোকান পাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। ইতোমধ্যেই জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে।

এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে আগামী ০৫/১০/২০২৬ তারিখ হতে ২০/১০/২০২৬ তারিখ পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপনী বিতান ও দোকানসমূহ খোলা রাখার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

/এমএইচআর

Logo