সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব্যাখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পিএম
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনে আগত সব বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রিসেপশনের আয়োজনও করেন। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউস থেকে সম্প্রতি সেই রিসেপশনে অংশগ্রহণের ছবিটি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে সেটি জনসাধারণের জন্যও প্রকাশ করা হয়।
তবে রিসেপশনের এই প্রকাশিত ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং জানায়, এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করার পাশাপাশি ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
আরও বলা হয়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬-এর একটি প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ছবিটি যাচাই করে সেটিকে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড ছবি হিসেবে প্রমাণিত করে।
অর্থাৎ, যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
/এমএইচআর