বাংলামোটরে বিরোধের জেরে হামলার অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম
রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ ঘটনায় সাইমনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
স্থানীয়দের অভিযোগ, চাঁদা চাইতে গিয়ে কথা কাটাকাটির জেরে সোহানের মাথায় বন্দুক দিয়ে আঘাত করেন সাইমন। এতে আহত হন সোহান। এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী সাইমনকে একটি ভবনে অবরুদ্ধ করে রাখেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে আসছিলেন সাইমন। বৃহস্পতিবার রাতে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত হয়।
পরে উত্তেজিত এলাকাবাসী সাইমনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। রাত ১২টা পর্যন্ত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। পরে ভবন থেকে সাইমনকে উদ্ধার করে আটক করে পুলিশ।
/এসআইএন