×
Logo

জাতীয়

কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস সরিয়ে যানজট কমাতেই অগ্রাধিকার ভিত্তিতে তৈরি হচ্ছে কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, কাঁচপুরের ১২.৬ একর জমিতে নির্মিত এই টার্মিনালে একসাথে ৪০৫টি বাস পার্কিং ও যাত্রী ওঠানামার সুযোগ থাকবে। যাত্রীদের জন্য থাকছে ৪৮০ আসনের ওয়েটিং জোন, ১০৬টি টিকিট কাউন্টার এবং আধুনিক শৌচাগার। পাশাপাশি, ৪০টি বাস ধোয়ার জন্য ৫টি ওয়াশিং জোন তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ডোবা ভরাট ও সীমানা প্রাচীরের ৭৫ শতাংশ এবং প্ল্যাটফর্মের ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ৫০ কোটি টাকা বাজেটের এই প্রকল্পে ড্রেনেজ ও সীমানা প্রাচীরের পর অস্থায়ী শেড বসিয়ে দ্রুততম সময়ে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ ১৬টি জেলার বাস সায়দাবাদ থেকে এখানে স্থানান্তর করা হবে। একই সাথে, যাত্রীদের যাতায়াতে সুবিধার্থে দ্রুত শাটল সার্ভিস চালুরও আশ্বাস দেন তিনি।

/এএম

Logo