কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার নামে থাকা ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট লেনদেনের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে এই কনটেন্ট ক্রিয়েটরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
তবে কী কারণে তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
গত শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার শিকার হয়। যেটিকে ঘিরে ক্ষমতাসীন দল ও সরকারের দিকে অভিযোগের তীর ছুড়েন এই কনটেন্ট ক্রিয়েটর। আসে পাল্টা বক্তব্যও। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হতে দেখা যায়।
/এমএন