নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করল ডিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি গুলশান বিভাগের একটি চৌকস আভিযানিক দল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫৯)। তিনি নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় দায়ের হওয়া নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
/এএ