অতিরিক্ত কারাবাসের অভিযোগ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে অতিরিক্ত আট বছর কারাগারে রাখার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রুল জারি করেন।
২০০৩ সালে হত্যা মামলায় গ্রেফতারের পর ইব্রাহিম শেখকে মৃত্যুদণ্ড ও অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট তাকে দুই মামলাতেই খালাস দেন। তবে খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লাগায় তিনি মোট ২২ বছর কারাগারে ছিলেন।
এ ঘটনায় জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে জনস্বার্থে রিট করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রুলে ইব্রাহিম শেখের দীর্ঘ কারাবাসের জন্য ৫ কোটি টাকা বা দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তার পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসার বিষয়টিও আবেদনে তুলে ধরা হয়েছে।
/এএম